স্লিপার বাস চলাচলের জন্য নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ।
এর আগে স্লিপার বাস চলাচল নিয়ে এক আদেশে হাইকোর্ট জানিয়েছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন রয়েছে, এমন বাসই কেবল সড়কে চলাচল করতে পারবে। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানিতে আইনজীবী মো. রাফিউল ইসলাম জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে এসব বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য বা স্পেসিফিকেশন লঙ্ঘনের বিষয়ে বিধান রয়েছে। এ ধরনের অপরাধের শাস্তি নির্ধারণ করা হয়েছে আইনের ৮৪ ধারায়। এতে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
এ ছাড়া আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে উল্লেখ রয়েছে।
শুনানিতে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে। স্লিপার বাস চলাচলের জন্য বিআরটিএর অনুমতি নেই এবং এ বিষয়ে হাইকোর্টও কোনো অনুমোদন দেননি।









