২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ করতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সহায়ক নীতি প্রণয়ন করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, লক্ষ্য অর্জনে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে অন্য প্রকল্পগুলোও এখান থেকে অভিজ্ঞতা ও শিক্ষা নিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় প্রকল্পের কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।