কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ দলটির কোনো অস্তিত্ব নেই।
সোমবার দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে গ্রহণযোগ্যতা হারিয়েছে। শেখ হাসিনার রাজনৈতিকভাবে ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এরপরও দলটির নেতাকর্মীরা কোনো শিক্ষা নেয়নি।
তিনি আরও বলেন, গত আট মাসে দেশে ব্যাংক লুটের ঘটনা ঘটেনি এবং বিদ্যুৎ খাতে দুর্নীতিও হয়নি। এসব বিষয় থেকে মানুষের মনোযোগ সরাতে আওয়ামী লীগ সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে বলে দাবি করেন তিনি। দলটির সাংগঠনিক তৎপরতা না থাকলেও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আবার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে আন্দালিভ রহমান পার্থ বলেন, দলটি দেশের ব্যাপক ক্ষতি করেছে। ব্যাংকিং খাতের আর্থিক হিসাব-নিকাশে অনিয়মের মাধ্যমে দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ খাতেও বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। এসব ক্ষতির দায় বর্তমান সরকারের না হলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ায় সরকারকে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তাঁর দাবি, ১৯৭১ সালের আগে পাকিস্তান যে ক্ষতি করেনি, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে।
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম গণমাধ্যমে প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।









