টিপু হত্যার রহস্য জানতে সাংবাদিকদের ধৈর্য্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
হেড অফ ডিজিটাল মিডিয়া


রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার রহস্য জানতে সাংবাদিকদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ আহ্বান জানান।
টিপু হত্যা রাজনৈতিক কিলিং কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি রাজনৈতিক কিলিং কিনা তা এখনই মন্তব্য করা ঠিক হবে না। এই বিষয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।
এ সময় তিনি টিপু হত্যার রহস্য জানতে সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা টিপুকে গুলি করে হত্যা করে। এ সময় তার গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হন টিপুর গাড়িচালক মুন্না।



