

মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট কর্তৃক মালয়েশিয়া ফায়ার ডিপার্টমেন্টের সর্বোচ্চ অ্যাওয়ার্ড মেডেল অব অনার পেয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ।
৩০ মার্চ বুধবার মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের মহাপরিচালক মো.হামদান বিন হাজি ব্রিগেডিয়ার জেনারেল মো.সাজ্জাদ হোসাইনের হাতে এ অ্যাওয়ার্ডটি তুলে দেন।
মহাপরিচালকের স্টাফ অফিসার ও সফরসঙ্গী রাহুল দেবনাথ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি বলেন,মালয়েশিয়ায় সফররত বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালককে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবার সক্ষমতা বাড়ানোয় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মো.সাজ্জাদ হোসাইন বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রথম মহাপরিচালক হিসেবে মালয়েশিয়ায় এ সম্মাননা পদকে ভূষিত হন ।
সাজ্জাদ হোসাইন বলেন,“সব স্বীকৃতিই আনন্দের। সেটি বিদেশের মাটিতে হলে তাতে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। তবে আমি মনে করি, এ সম্মাননা ফায়ার সার্ভিসের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তাদের সবার সহযোগিতার জন্যই ফায়ার সার্ভিসের সেবার মান ও সেবা ক্ষেত্র সমৃদ্ধ হচ্ছে”।
তিনি আরও বলেন,‘বিদেশের মাটিতে এ স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। ফায়ার সার্ভিসের এ সমৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি’।
অধিদপ্তরের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা মহাপরিচালককে আন্তরিক অভিনন্দন জানান।



