

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাবেক ছাত্রলীগ নেতাসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে নবাবগঞ্জ-কাচদহ সড়কের আলমনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাচদহ গ্রামের মো.জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩), উত্তর শ্যামপুর গ্রামের মো.রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২) এবং নারায়ণপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা মো.কিবরিয়া (৩০)।
স্থানীয়রা জানান, তিনজন মোটর সাইকেল আরোহী নবাবগঞ্জ থেকে কাচদহের দিকে যাচ্ছিল কিন্তু মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, কোন ধরনের অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



