দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ আর নেই। দুপুরে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন। এর আগে গত বছরের ২ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ভর্তি হন হাসান আরিফ। ওই সময় কিছুদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয়েছিল। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসান আরিফের মরদেহ আজ হিমঘরে রাখা হবে। কাল শনিবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আরিফের মরদেহ রাখা হবে শহীদ মিনারে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তাঁর জানাজা হবে বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। আবৃত্তিকার হাসান আরিফ মরদেহ দান করে গেছেন।

citytouch 728-X-90

হাসান আরিফের জন্ম ১৯৬৫ সালে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন তিনি। মধ্য আশির দশক থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছিললেন তিনি।