
রাজশাহীর চারঘাট উপজেলার একটি মসজিদ কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকালে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান সভাপতি কামরুজ্জামান ওরফে মুকুল হোসেনের অনুসারীদের সঙ্গে সাবেক সভাপতি আসাদুল ইসলাম সেলিমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে খোকন আলী নামে একজন নিহত হন এবং কমপক্ষে ১৫ জন আহত হন। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, মসজিদ কমিটিকে কেন্দ্র করে বর্তমান সভাপতি ও সাবেক সভাপতির অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এর জের ধরেই শুক্রবার সেলিমের অনুসারীরা মসজিদে ইফতার করতে গেলে মুকুলের অনুসারীরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে দু’পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।



