
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ট্রলারডুবির ঘটনায় আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন নারী ও একজন শিশু। ফলে সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে।
রোববার সকালে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক কামাল হোসেন ভূঁইয়া এ তথ্য জানান।
তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে অনেকটা দূরে বুখাইনগর থেকে পাঁচ বছরের শিশু ইয়ামিনের লাশ উদ্ধার হয়েছে। অন্যদিকে লেঙ্গুটিয়া থেকে ৩৫ বছরের নারী মালা বেগমের লাশ উদ্ধা হয়েছে।
নিহত ইয়ামিন মাঝেরচর গ্রামের রহিম চৌকিদারের ছেলে এবং মালা একই গ্রামের সাইফুল হাওলাদারের স্ত্রী।
এর আগে ওই ঘটনায় মাহেনুর বেগম (৫২), নাসরিন বেগম (২৫) ও চার বছরের শিশু রোহানের লাশ উদ্ধার করা হয়েছিল।
শুক্রবার এক আত্মীয়র জানাজায় অংশ নিতে ট্রলারে করে দরিচর খাজুরিয়ায় যাচ্ছিলেন মাঝেরচরের একদল লোক। প্রচণ্ড ঢেউয়ে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়।



