জন্মের দেড় বছর বয়সে দত্তক হয়ে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন সেলিনা গোমেজ। কেটে গেছে ৪৫ বছর। এখন ৪৬ বছর বয়সে জন্মদাতা মা-বাবা ও পরিবারের সদস্যদের খুঁজতে বাংলাদেশে ফিরেছেন তিনি।
সেলিনার জন্ম কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে। গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসার পর থেকে মালুমঘাট, খুটাখালীসহ আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। হাতে লিফলেট নিয়ে মানুষের কাছে নিজের জন্মপরিচয় ও পরিবারের তথ্য জানাচ্ছেন।
সেলিনার পাসপোর্টের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৭ জুলাই দেড় বছর বয়সে একটি ডাচ পরিবার তাঁকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। পুরোনো নথিতে তিনি জন্মদাত্রী মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ জানতে পেরেছেন।
সেলিনা বলেন, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাঁদের খুব মিস করি। তাঁদের মনে করতে পারি না, তবে জানি আমার মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। আশা করি, তাঁদের ও পরিবারের অন্য সদস্যদের খুঁজে পাব।’
তিনি আরও জানান, জন্মের পর একজন নারী তাঁকে মালুমঘাট থেকে ঢাকায় নিয়ে যান। পরে সেখান থেকে একটি ডাচ পরিবার তাঁকে দত্তক নেয়। সেই পরিবারের আদর-যত্নেই বড় হয়েছেন তিনি। তবে জন্মদাতা পরিবারের সঙ্গে আবারও মিলিত হওয়ার আশা ছাড়েননি।
পরিবারের সন্ধানে সেলিনার কাছে রয়েছে শৈশবের একটি ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। এসব নথি নিয়েই বিভিন্ন এলাকায় স্বজনদের খুঁজছেন তিনি।
সেলিনার ভ্রমণ সহকারী রাসেল আলম জানান, এর আগেও একাধিকবার বাংলাদেশে এসে পরিবারের সন্ধান করেছেন সেলিনা। এবার আরও ১০ থেকে ১৫ দিন দেশে অবস্থান করবেন। এ সময় তাঁরা একসঙ্গে জন্মদাতা মা-বাবা ও স্বজনদের খুঁজবেন।
সেলিনার পরিবারের বিষয়ে কারও কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে ০১৭১৮-৬০৪৩৪৭ নম্বরে ফোন অথবা findfamily1402@gmail.com ঠিকানায় ই-মেইল করার অনুরোধ জানিয়েছেন রাসেল আলম। পরিবারের কোনো সদস্যের কাছে সেলিনার বাংলাদেশে ফেরার খবর পৌঁছে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।









