
আজ বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ‘শবে কদর’ কথাটি ফার্সি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত।
মহিমান্বিত এ রাত ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে অতিবাহিত করবে।
দেশের পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনায় রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত কদর হতে পারে।
তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। শবে কদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় ও এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’নামে একটি সুরাও নাজিল করা হয়।
মহান আল্লাহপাক পবিত্র কোরআনে এ রাতকে হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন। কদরের রাতটি মুসলমানদের কাছে অনেক বরকতময় ও ফজিলতপূর্ণ।
পবিত্র শবেকদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করবেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শবে কদর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।


