বিশ্ব রাজনীতি
অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের দিকে সমুদ্র এলাকায় একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি পূর্ব উপকূলের সাগর লক্ষ্য করে ছোড়া হয়। একই ঘটনায় জাপান সরকার জানিয়েছে, এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। তবে ক্ষেপণাস্ত্রটির ধরন, পাল্লা বা কোথায় গিয়ে পড়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
চলতি বছরে উত্তর কোরিয়া একাধিকবার ক্ষেপণাস্ত্র ও সামরিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেটসহ বিভিন্ন কৌশলগত অস্ত্র রয়েছে। বিশ্লেষকদের মতে, এসব পরীক্ষা দেশটির সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, জুনের শেষ দিকে দেশটি সর্বশেষ নিশ্চিত অস্ত্র পরীক্ষা চালায়। ওই পরীক্ষায় উন্নত ২৪০ মিলিমিটার মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম, একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৫৫ মিলিমিটার স্বয়ংচালিত হাউইটজারের পরীক্ষা করা হয়।
উত্তর কোরিয়ার ধারাবাহিক অস্ত্র পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। দেশটির এমন কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত
জনপ্রিয়
বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি



