

কুষ্টিয়া শহরের লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে পেটানোর অভিযোগ উঠেছে কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান আশার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
এঘটনায়, এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে কাউন্সিলর আশাসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, কাউন্সিলর আশা ঠিকাদারি কাজে ব্যবহারের জন্য ইট, বালু, খোয়া রেখে দীর্ঘদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণ নোংরা করে রেখেছে্ন। এছাড়াও বিদ্যালয় থেকে ক্লাস চলাকালীন সময় কাউন্সিলর রাস্তার কাজের জন্য পাইপে করে পানি নেওয়া, বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করে থাকেন।
এ বিষয়ে শিক্ষক নজরুল ইসলাম এর প্রতিবাদ করলে কাউন্সিলরসহ কয়েকজন বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে তাকে বেধড়ক মারপিট করেন। এবং কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেন।
শিক্ষার্থীরা ও এলাকাবাসী কাউন্সিলরের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করার পর প্রশাসন অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা একপর্যায়ে তাদের অবরোধ তুলে নেয়।
অভিযুক্ত পৌর কাউন্সিলর আসাদুর রহমান আশার সঙ্গে এব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


