হামের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে সূর্যের হাসি নেটওয়ার্কের ক্লিনিকসমূহ। একই সঙ্গে নিয়মিত টিকাদান কার্যক্রম, মাতৃস্বাস্থ্যসেবা এবং শিশুস্বাস্থ্য উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।
সূর্যের হাসি কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে তাদের স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করছেন। এর মাধ্যমে রোগ প্রতিরোধ, শিশুমৃত্যুর হার হ্রাস এবং সুস্থ প্রজন্ম গঠনে কার্যকর অবদান রাখা হচ্ছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রতি বছর সরকারের এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) কর্মসূচির সহায়ক হিসেবে এবং নিজস্ব উদ্যোগে সূর্যের হাসি লক্ষ লক্ষ শিশুকে বিভিন্ন জীবনরক্ষাকারী টিকা প্রদান করে থাকে। এসব টিকার মধ্যে রয়েছে যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, পোলিও, হাম, রুবেলা, ডায়রিয়া, চিকেনপক্স এবং কলেরার মতো প্রতিরোধযোগ্য রোগের টিকা।
সূর্যের হাসি জানায়, শিশুদের টিকাদান নিশ্চিতকরণ এবং রোগ ও মৃত্যুঝুঁকি কমাতে তাদের কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটির নথিভুক্ত তথ্য অনুযায়ী প্রায় ৫০ লাখ টিকা প্রদান করা হয়েছে। তবে টিকাদান ক্যাম্পেইনের সময় অতিরিক্ত কর্মচাপ এবং সীমিত সময়ের কারণে মাঠপর্যায়ে প্রদত্ত সব টিকার তথ্য সংরক্ষণ করা সম্ভব হয় না। ফলে বাস্তবে প্রদত্ত টিকার সংখ্যা রেকর্ডকৃত সংখ্যার তুলনায় আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
শিশুদের পাশাপাশি কিশোরী ও নারীদের স্বাস্থ্য সুরক্ষাতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। জরায়ুমুখ ক্যান্সার, ধনুষ্টঙ্কার এবং হেপাটাইটিসের মতো প্রতিরোধযোগ্য রোগের টিকাও প্রদান করা হচ্ছে বিভিন্ন সেবাগ্রহীতাকে।
ইউএসএইডের অর্থায়নে যাত্রা শুরু করা সূর্যের হাসি ক্লিনিকসমূহ গত ২৯ বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চল, শহর ও মফস্বল এলাকায় স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানটি লাখো মানুষের কাছে নির্ভরতার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।
গর্ভবতী নারীদের জন্য গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ, নিরাপদ প্রসব এবং প্রসব-পরবর্তী মা ও নবজাতকের সেবা প্রদানের মাধ্যমে মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সূর্যের হাসি।
প্রতিষ্ঠানটি জানায়, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং মা ও শিশু মৃত্যুহার কমাতে তাদের দীর্ঘদিনের কার্যক্রম দেশের জনস্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অবদান হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে সূর্যের হাসি। অনুদানবিহীন নানা চ্যালেঞ্জের মধ্যেও প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে যাচ্ছে।
বর্তমান হাম পরিস্থিতিতে অভিভাবক ও পরিচর্যাকারীদের প্রতি শিশুদের বয়স অনুযায়ী প্রয়োজনীয় টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সূর্যের হাসি। প্রতিষ্ঠানটির মতে, নিকটস্থ সূর্যের হাসি ক্লিনিক, সরকারি স্বাস্থ্যকেন্দ্র অথবা অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের হামসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে সময়মতো টিকাদান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।










