অন্য চিকিৎসকের পরিচয় ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আরিফ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। রোববার (২৫ অক্টোবর) রাতে হবিগঞ্জ শহরের মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা প্রশাসন ও র‍্যাব সূত্রে জানা যায়, আরিফ মিয়া টাঙ্গাইলের বাসিন্দা। তিনি চিকিৎসক ডা. মীর মাহবুবুর রহমানের পরিচয় ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরান বিন আকনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে চারজন রোগীকে অন্য চিকিৎসকের পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়া এবং ব্যবস্থাপত্র লেখার সময় আরিফ মিয়াকে পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় নিজের চিকিৎসাসংক্রান্ত সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তিনি।

র‍্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মোশাররফ হোসেন সাগর জানান, অভিযুক্ত ব্যক্তিকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। তিনি বিভিন্ন স্থানে চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, এ ঘটনায় আরিফ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। তাকে আটক করে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।