দাফনের আগে মৃত বাবার মরদেহ সামনে রেখে তার ঋণ পরিশোধের হৃদয়স্পর্শী একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বাবার কাছে কারও কোনো পাওনা থাকলে তা জানাতে উপস্থিত লোকজনের প্রতি অনুরোধ জানাচ্ছে তার শিশুসন্তানরা। পরে একে একে কয়েকজন পাওনাদারের টাকা পরিশোধ করা হয়।
উম্মে হুমায়রা কানিজ ফাতেমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গত ১০ সেপ্টেম্বর ভিডিওটি প্রকাশ করা হয়। এতে তিনি জানান, মৃত ব্যক্তির নাম আলী আকবর। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। প্রায় আট মাস ধরে তার খোঁজখবর নেওয়ার পাশাপাশি একটি ঘরের ব্যবস্থাও করা হয়েছিল। পরে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়।
ভিডিওতে ওই কনটেন্ট ক্রিয়েটর জানান, আলী আকবরের কাছে প্রায় ৬০ হাজার টাকা ঋণ থাকার কথা জানতে পারেন তিনি। পরে দ্রুত টাকা সংগ্রহ করে দাফনের আগে তার সন্তানদের মাধ্যমে পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়।
ভিডিওতে এক শিশুকে বাবার ঋণ পরিশোধের কথা বলতে দেখা যায়। টাকা হাতে পাওয়ার পর সে তা হুজুরের কাছে দিয়ে বলে, “আমার বাবা কবরে যাওয়ার আগে আমি সব টাকা শোধ করে দিয়েছি। আমার বাবাকে সবাই মাফ করে দেন।”
পরে কয়েকজন পাওনাদারের কাছে তাদের পাওনার পরিমাণ জানতে চাওয়া হয়। একজনের ২৫ হাজার, আরেকজনের ১০ হাজার এবং অন্য একজনের ১২ হাজার ৯৬৮ টাকা পাওনা রয়েছে বলে জানানো হয়। ভিডিওতে কয়েকজনের পাওনা পরিশোধের কথাও জানানো হয়। একজনের পাওনা ১২ হাজার ৯৬৮ টাকার মধ্যে ১০ হাজার টাকা বিকাশে দেওয়ার পর বাকি ২ হাজার টাকা মাফ করে দেওয়ার কথাও জানান কনটেন্ট ক্রিয়েটর।
সবশেষে মৃত ব্যক্তির সন্তানরা উপস্থিত সবার কাছে বাবার কোনো ভুল বা ক্ষতি হয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করে। কান্নাজড়িত কণ্ঠে তার মেয়ে বলেন, “আমার বাবা কারও ক্ষতি করে থাকলে, আপনারা মাফ করে দিয়েন।”
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে শিশুদের প্রতি সহমর্মিতা জানান এবং মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগের প্রশংসা করেন। ভিডিওতে থাকা তথ্য ও পাওনা পরিশোধের ঘটনাগুলো কনটেন্ট ক্রিয়েটরের বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।










