মোংলা পোর্ট পৌরসভার উন্নয়নে ৪০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী এ অর্থ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে পিপিআর'২৫ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধি বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোন অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। পৌরসভার প্রশাসক/প্রধান নির্বাহী কর্মকর্তা/পৌর নির্বাহী কর্মকর্তা যৌথভাবে এই অর্থের আয়ন ও ব্যয়ন দায়িত্ব পালন করবেন। 

পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, পৌরসভার প্রধান প্রধান সমস্যাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প গ্রহণ করে এ অর্থের ব্যয় ও প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পৌরসভা উন্নয়ন ও পৌরবাসীর সুবিধার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বড় বড় বরাদ্দ আনার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষায় পৌর শহরের ঠাকুরানী খাল ২০২৭ সালের মধ্যে পরিপূর্ণভাবে উদ্ধার করে শহরবাসীকে উপহার দেয়া হবে।