সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের গতিরোধ করে চালক ও তাঁর সহকারীদের ছুরি দিয়ে হত্যার হুমকি দিয়ে ৪০০টি গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তাঁর সহযোগী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানোর কথা রয়েছে। লুটের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জনের একটি দল ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দেয়।
পরে ওই দলের দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার একটি কবরস্থানের পাশের ফাঁকা রাস্তায় ট্রাকটি থামিয়ে দুটি মিনিট্রাকে ৪০০টি সিলিন্ডার তুলে নিয়ে যায় তারা। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীর কাছ থেকে তিনটি মুঠোফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করা হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার ও লুট হওয়া সিলিন্ডারের একটি অংশ উদ্ধার করে পুলিশ।









