পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জন শিশু ও একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লেডি রিডিং হাসপাতাল জানিয়েছে, সেখানে ৩৩ জনের মরদেহ নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ২৫ বছর বয়সী শিক্ষক সামরিন বিবিও রয়েছেন। নিহত শিশুদের বয়স ছয় থেকে ১৪ বছরের মধ্যে। হাসপাতালটি থেকে ১৭ শিশুকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে একজন শিক্ষক ও তিন শিশু এখনো চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতাল জানিয়েছে, সেখানে নেওয়া শিক্ষার্থীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দুই হাসপাতালের তথ্য মিলিয়ে নিহতের সংখ্যা ৩৪ বলে জানা গেছে।
রেসকিউ ১১২২-এর আঞ্চলিক পরিচালক আরিফ খাত্তাক জানান, ধসে পড়া ভবনটি ছিল তিনতলা ও অস্থায়ী কাঠামোর। উদ্ধার অভিযানে ১০০ জন উদ্ধারকর্মী, ১৮টি অ্যাম্বুলেন্স এবং তিনটি ভারী যান অংশ নেয়। আহতদের প্রদেশের বড় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
বিবিসি উর্দুর সংবাদদাতা বিলাল আহমেদের তথ্য অনুযায়ী, ভবনটিতে প্রচলিত পদ্ধতির বদলে প্রিফ্যাব্রিকেটেড ছাদ ছিল বলে ধারণা করা হচ্ছে। ছাদের ধ্বংসাবশেষ নিচে পড়ে দ্বিতীয় শ্রেণির শিশুদের ওপর আছড়ে পড়ে থাকতে পারে।
এ ঘটনায় স্কুলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার অভিযান শেষ হলেও ঘটনাস্থলে এখনো ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।









