মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগে ১৬ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ছয়টি নৌকা, ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ মণ ইলিশ জব্দ করা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে জব্দ করা ইলিশ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নৌপুলিশ জানায়, বুধবার রাতে চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছ শিকাররত অবস্থায় ওই ১৬ জেলেকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁদপুর সদর থানায় ছয়টি মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা কারেন্ট জাল ও নৌকা বিনষ্ট করা হয়েছে। অন্যদিকে, আদালতের অনুমতি নিয়ে জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, মা ইলিশের অভয়াশ্রম ও প্রজনন সুরক্ষায় নদীতে দিনরাত তিন থেকে চারটি দল টহল দিচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও হুঁশিয়ারি দেন, মা ইলিশ সংরক্ষণের এ সময়ে কোনোভাবেই অসাধু জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না। প্রজনন মৌসুমে ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে নদীতে নজরদারি জোরদার করা হয়েছে।









