(গাইবান্ধা) প্রতিনিধি : মোঃ আঃ রহমান শিপন


গাইবান্ধায় নিখোঁজের তিনদিন পর ঘাঘট নদী থেকে ইঞ্জিনিয়ার নাজমুল হুদা নিয়ন (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহত নাজমুল হুদা নিয়ন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।


শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপের খেয়াঘাট, ব্রীজবাজার এলাকার ঘাঘট নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।


নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। গত বুধবার তিনি বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শালা স্বজল, ভাতিজা ও দুই কন্যা সন্তানসহ কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন নিয়ন। একপর্যায়ে তিনজন নদী থেকে উঠে তীরে আসতে পারলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।


পরে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে না পেয়ে এরপর রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা চালায়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত ও পরদিন শুক্রবার দিনব্যাপী তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে এদিন বিকেল ৩টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, বৃহস্পতিবার নিখোঁজ হন নাজমুল হুদা নিয়ন নামে এক যুবক। ঘটনার তিনদিন পর শনিবার বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানান তিনি।