ভারতের তেলেঙ্গানা রাজ্যে কালোজাদু চর্চার সন্দেহে নিজের মাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে ২১ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। পুলিশের দাবি, কয়েক বছর আগে গ্রামে ঘটে যাওয়া একাধিক মৃত্যুর জন্য মাকে দায়ী করতেন ওই যুবক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
অভিযুক্ত যুবকের নাম কারে দুর্গেশ। তিনি পেশায় অটোরিকশাচালক। পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর নিজের অটোরিকশা থেকে ডিজেল নিয়ে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। এতে গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তাঁর ৪০ বছর বয়সী মা কারে সায়াম্মা।
পুলিশ জানিয়েছে, নিহত সায়াম্মা কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর ছেলে দুর্গেশের অভিযোগ ছিল, মা অলৌকিক শক্তি বা কালোজাদুর চর্চা করতেন এবং কয়েক বছর আগে গ্রামে ঘটে যাওয়া একাধিক মৃত্যুর জন্য দায়ী ছিলেন। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনার প্রায় ১০ দিন আগে হায়দরাবাদ থেকে নিজের গ্রামে ফিরেছিলেন দুর্গেশ। পুলিশের ধারণা, মাদকাসক্তি ও মদ্যপ অবস্থার সঙ্গে এ ঘটনার সম্পর্ক থাকতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।
আল্লাদুর্গ সার্কেলের পুলিশ পরিদর্শক এম রেণুকা জানান, তদন্তে নিহত নারী কালোজাদু বা তন্ত্রমন্ত্রের চর্চায় জড়িত ছিলেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলেও তাঁর বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা গ্রামে গিয়ে তদন্ত শুরু করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জোগিপেটের একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও ঘটনার সময়কার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে কারে দুর্গেশকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।









