কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো কার্যালয়ে গোপনে রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগে আবদুলরহমান আলফোজান নামে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে।
মার্কিন ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, প্রতিষ্ঠানের একটি নির্বাহী সম্মেলনকক্ষে গোপনে কথোপকথন রেকর্ড করার উদ্দেশ্যে ওই ডিভাইস স্থাপন করা হয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়।
ওপেনএআই জানিয়েছে, তাদের সান ফ্রান্সিসকো কার্যালয়ের একটি সম্মেলনকক্ষে উন্নত প্রযুক্তির একটি রেকর্ডিং ডিভাইস লুকানো অবস্থায় পাওয়া যায়। পরে বিষয়টি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) জানানো হয়। প্রতিষ্ঠানটির দাবি, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল ব্যবহার করে ডিভাইসটির উৎস শনাক্ত করা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করতে সহায়তা পাওয়া যায়।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ডিভাইসটি টয়লেট টিস্যু দিয়ে মোড়ানো অবস্থায় একটি নির্বাহী সম্মেলনকক্ষের টেলিভিশনের পেছনের ইউএসবি পোর্টে লাগানো ছিল। গত ২৮ সেপ্টেম্বর এটি স্থাপন করা হয় বলে অভিযোগ রয়েছে। দুই দিন পর, ৩০ সেপ্টেম্বর, কর্মীরা ডিভাইসটি খুঁজে পান। ডিভাইসটিতে এনক্রিপশন ব্যবস্থাও ছিল বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেন, অভিযুক্ত ব্যক্তি নিয়োগকর্তার নির্বাহী সম্মেলনকক্ষে গোপনে রেকর্ডিং ডিভাইস লুকিয়ে সংবেদনশীল কথোপকথন ধারণের চেষ্টা করেছিলেন। অভিযোগ অনুযায়ী, ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তার পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করাই ছিল এর উদ্দেশ্য।
প্রসিকিউটরদের দাবি, আলফোজান ২০২৫ সালের জুলাই থেকে ওপেনএআইয়ে প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন। রেকর্ডিং ডিভাইস স্থাপনের আগে প্রতিষ্ঠানের সংবেদনশীল স্থানগুলো সম্পর্কে জানতে তিনি একটি উৎপাদনশীলতা-সংক্রান্ত টুল ও একটি চ্যাটবট ব্যবহার করেছিলেন। কীভাবে গোপনে অডিও রেকর্ডিং সরঞ্জাম স্থাপন করা যায়, সে বিষয়েও তিনি অনুসন্ধান করেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া অবিরাম অডিও রেকর্ডার তৈরি, ওয়াই-ফাই সংযোগব্যবস্থা কাস্টমাইজ করা, সরাসরি অডিও শোনার সক্ষমতা বাড়ানো এবং এসডি কার্ড এনক্রিপ্ট করার বিষয়ে চ্যাটবটে প্রশ্ন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
কর্তৃপক্ষের অভিযোগ, গত ৫ অক্টোবর ডিভাইসটি পরীক্ষা করতে আলফোজান আবারও কার্যালয়ে যান। সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনাস্থলে তার উপস্থিতির যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একই দিন ভবনের অন্য একটি স্থানে একটি ব্যাগ ফেলে রেখে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরে ওপেনএআইয়ের নিরাপত্তাকর্মীরা ব্যাগটি পরীক্ষা করে একটি মানিব্যাগ, পরিচয়পত্র এবং সম্মেলনকক্ষে পাওয়া ডিভাইসটির মতো আরেকটি রেকর্ডিং ডিভাইস খুঁজে পান।
ওপেনএআই জানিয়েছে, এ ঘটনায় তাদের সোর্স কোড, এআই মডেলের ওজনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য (মডেল ওয়েটস) কিংবা গ্রাহকদের তথ্য অননুমোদিতভাবে সংগ্রহ করা হয়েছে—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার আদালতে হাজির হন আলফোজান। তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।










