ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীসহ পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৫২ বছর বয়সী এক ব্যক্তি। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেছেন, দীর্ঘদিন ধরে স্ত্রীর ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে অপমান-অসম্মান সহ্য করতে হয়েছে তাকে। হত্যাকাণ্ডের পর এখন তিনি শান্তিতে আছেন বলেও জানিয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী প্রায়ই তাকে অপমান করতেন। স্ত্রীর পরিবারের সদস্যরাও তাকে অসম্মান করতেন এবং সব সময় স্ত্রীর পক্ষ নিতেন। এসব কারণে দীর্ঘদিন ধরে তার মধ্যে ক্ষোভ জমেছিল। হত্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখন শান্তিতে আছি এবং সন্তুষ্ট।’
তদন্তে এ ঘটনায় অভিযুক্তের মেয়েরও জড়িত থাকার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, বাবার হত্যার পরিকল্পনা সম্পর্কে জানার পরও তিনি তাকে সহযোগিতা করতে রাজি হন। মায়ের সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে তিনি বাবাকে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের আরও দাবি, হত্যাকাণ্ডের পর মরদেহ সরিয়ে ফেলতে বাবাকে সহযোগিতা করেন ওই মেয়ে। পাশাপাশি বাড়ির রক্তের দাগ মুছে ফেলার জন্য রাসায়নিকসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করেন। নিয়মিত বিরতিতে বাড়ি পরিষ্কার করে হত্যার আলামত নষ্ট করার চেষ্টাও করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
তদন্তকারীদের ধারণা, বেঙ্গালুরুর শ্রীপুরম এলাকায় প্রায় ৩ কোটি রুপি মূল্যের একটি সম্পত্তি নিয়ে বিরোধ এই হত্যাকাণ্ডের অন্যতম কারণ। অভিযুক্ত তার শাশুড়ির কাছে সম্পত্তির বড় অংশ দাবি করেছিলেন। তবে শাশুড়ি দুই ছেলের স্বার্থ বিবেচনায় তাকে কেবল ন্যায্য অংশ দেওয়ার কথা জানিয়েছিলেন।
পুলিশের তথ্যমতে, হত্যাকাণ্ডের পর নিহতদের আঙুলের ছাপ স্ট্যাম্প পেপারে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। সম্পত্তি ও সংশ্লিষ্ট নথির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে তিনি এমন পরিকল্পনা করেছিলেন বলে ধারণা তদন্তকারীদের।
অভিযোগ রয়েছে, মরদেহগুলো বিভিন্ন স্থানে ফেলে দিয়ে পুলিশের সন্দেহ এড়ানোর পরিকল্পনা করেছিলেন বাবা-মেয়ে। এমনকি কখনোই পুলিশের হাতে ধরা পড়বেন না বলে মেয়েকে আশ্বস্ত করেছিলেন অভিযুক্ত।
পুলিশের তথ্যমতে, অভিযুক্তের বয়স ৫২ বছর। তিনি গাড়িচালক হিসেবে কাজ করতেন। গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে স্ত্রীর পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের স্ত্রী সুনিথা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শঙ্কর, তাদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছর বয়সী নাতি পুনিত।
পুলিশের অভিযোগ, গত ১৬ অক্টোবর স্ত্রী সুনিথাকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যা করেন অভিযুক্ত। পরে নন্দী পাহাড়ের কাছে তার মরদেহ ফেলে দেন। এরপরের দুই সপ্তাহে বিভিন্ন অজুহাতে পরিবারের অন্য সদস্যদের নিজের বাড়িতে ডেকে নিয়ে একে একে হত্যা করেন তিনি। কখনো খাবারের আয়োজন, আবার কখনো বেড়াতে যাওয়ার কথা বলে তাদের বাড়িতে আনা হতো বলে জানিয়েছে পুলিশ।









