ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে তা চিরতরে নির্মূল করার ওপর জোর দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা এই বিপদ একবারেই দূর করতে হবে।

বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন নেতানিয়াহু। এ সময় তিনি দেশে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি তুলে ধরেন তিনি।

নেতানিয়াহুর অভিযোগ, ইসরাইলকে ধ্বংস করতে চাওয়া ইরানের শাসকগোষ্ঠী আবারও দেশটির পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ পেলে তেহরান তা করবে বলেও দাবি করেন তিনি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, যে শাসকগোষ্ঠী নিজেদের দেশের হাজার হাজার নাগরিককে হত্যা করতে দ্বিধা করেনি, তারা ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না।

তার মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বরং ইসরাইলের অস্তিত্বের জন্যও বড় ধরনের হুমকি। এই পরিস্থিতি মোকাবিলায় দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।