যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে নোঙর করে থাকা একটি প্রমোদতরিতে তেলের ট্যাংকারের ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ১০ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করে ট্যাংকারটির মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেলে বন্দরের থালিয়া স্ট্রিট টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি তেলের ট্যাংকার নোঙর করে থাকা ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরিতে ধাক্কা দেয়। এতে প্রমোদতরিটি একদিকে কাত হয়ে প্রায় পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়।

দুর্ঘটনার সময় প্রমোদতরিটিতে আনুমানিক ১২৯ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। তবে দুই নৌযানে থাকা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাতে ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান নেভ শিপিং এসএ এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান থমে শিপ ম্যানেজমেন্ট পিটিই লিমিটেডকে বিবাদী করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, নোঙর করে থাকা প্রমোদতরিটির সঙ্গে সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ট্যাংকারটি। এতে বন্দরের সম্পত্তির ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

বন্দর কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিদর্শন ও মেরামতসহ দুর্ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যয় আদায়ের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ আদায়ের উদ্দেশ্যে ট্যাংকারটি জব্দ করে বিক্রি করার আবেদনও জানিয়েছে।

অন্যদিকে, ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জাহাজে থাকা সব নাবিক নিরাপদে আছেন। দুর্ঘটনার পর ট্যাংকারটিকে প্রমোদতরি থেকে আলাদা করে নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষের তদন্তে সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি।