ভারতের রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগে এক তরুণী ও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঞ্জাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজস্থানের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস), শ্রীগঙ্গানগর পুলিশ ও পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে এ দুজনকে আটক করা হয়।

গ্রেপ্তার দুজনের বয়স যথাক্রমে ২১ ও ২২ বছর। পুলিশের দাবি, এ ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। গ্রেপ্তার তরুণী পাকিস্তানে অবস্থানরত দুই ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি ‘চাচা’ ও ‘শাহ’ নামে পরিচিত। তারা প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিনয় এবং অর্থের প্রলোভন দেখিয়ে তরুণীকে নিজেদের ফাঁদে ফেলেন। পুলিশের ধারণা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এ ধরনের কৌশল ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে।

পুলিশ আরও জানায়, এর আগেও একই কৌশলে রাজস্থানের গঙ্গানগর এলাকার আরেক নারীকে ফাঁদে ফেলার অভিযোগ উঠেছিল।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তার তরুণী স্বামীর কাছ থেকে আলাদা থাকতেন। তার স্বামী বর্তমানে মাদক পাচারের মামলায় কারাগারে রয়েছেন। পুলিশের দাবি, আইএসআইয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা মূলত অসহায় ও একাকী নারীদের লক্ষ্যবস্তু করেন। প্রেমের সম্পর্কের প্রলোভন ও অর্থের বিনিময়ে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

পুলিশের ভাষ্যমতে, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য ওই তরুণীকে অর্থ দেওয়া হয়েছিল। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি গুলি এবং নগদ ৩০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

তদন্তকারীদের ধারণা, ওই তিন ব্যক্তি মূল অভিযুক্তদের থাকার ব্যবস্থা, মোটরসাইকেল সরবরাহ এবং ঘটনাস্থলে যাতায়াতে সহায়তা করেছিলেন।

এর আগে গত ৩ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে রাজস্থানের শ্রীগঙ্গানগরের রামসিংহপুরের কাছে একটি রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রেললাইনের দুটি স্লিপার ভেঙে যায়, লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে প্রায় আড়াই ফুট গভীর গর্তের সৃষ্টি হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে একই লাইন দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করেছিল। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল।