বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার ঘাঁটিতে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার ভোরে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডার লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।
আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আগ্রাসনের জবাবে পাল্টা অভিযানের দ্বিতীয় ধাপে এ হামলা চালানো হয়েছে। সংস্থাটির অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন ব্যবহার করে ঘাঁটিতে থাকা মার্কিন বিমান প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্যবস্তু করা হয়।
বিবৃতিতে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার নামে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযান পরিচালনা করেছিল, তা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। ইরানের দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল এখনো কার্যত বন্ধ রয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, বাহরাইনের বিভিন্ন এলাকায় মার্কিন রাডারে হামলার শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক করার মার্কিন প্রচেষ্টাও সফল হয়নি।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলা হয়েছে, দেশটি নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে।
এর আগে গত ১৩ নভেম্বর বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি। ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছিল সংস্থাটি।
আইআরজিসির ২২ নম্বর বিবৃতিতে বলা হয়, সিরিকের টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইনে অবস্থিত মার্কিন আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করেছে। ভবিষ্যতে এ ধরনের হামলা বা লঙ্ঘনের ঘটনা ঘটলে আরও ব্যাপক পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।









