ফ্রান্সে শিক্ষার্থীদের টানা আট সপ্তাহের বিক্ষোভ ও স্কুল অবরোধে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এতে উদ্বেগ বাড়ছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের মধ্যে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি নেওয়া হাজারো শিক্ষার্থী নিয়মিত ক্লাস করতে না পারায় বিপাকে পড়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ইতোমধ্যে ১৫০ ঘণ্টা পর্যন্ত পাঠদান থেকে বঞ্চিত হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে দেশটির বিভিন্ন এলাকায় স্কুলের জরাজীর্ণ ভবন সংস্কার, পর্যাপ্ত বিকল্প শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে গত দুই মাসে দেশটির শত শত মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ আবর্জনার বড় পাত্র দিয়ে আটকে দেওয়া হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধও রাখতে হয়েছে।

আন্দোলনকারীদের মধ্যে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলের সামনে অবরোধে অংশ নেয়। পুলিশের কাঁদানে গ্যাস থেকে বাঁচতে সঙ্গে রাখে মাস্ক ও সাঁতারের চশমা। তার পরিবারের সদস্যরা আন্দোলনকে সমর্থন করলেও দীর্ঘদিন ধরে এতে অংশ নেওয়া নিয়ে উদ্বিগ্ন।

ওই শিক্ষার্থীর মতে, নিজেদের দাবি সরকারের কাছে তুলে ধরতে আন্দোলন ছাড়া কার্যকর কোনো পথ খোলা নেই।

এদিকে আন্দোলন মোকাবিলায় শুরুতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় সরকার। বিভিন্ন স্কুলের সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ব্যবহৃত অস্ত্রে বেশ কয়েকজন কিশোর আহত হয়েছে। কেউ কেউ হাত কিংবা চোখ হারিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপ্রক্রিয়া পর্যালোচনার উদ্যোগের কথা জানিয়েছে। তবে এসব আশ্বাসের পরও আন্দোলন থামেনি। বরং সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্কুলের সামনে আতশবাজি নিক্ষেপ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা বেড়েছে।

একটি স্কুলের সামনে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে স্থানীয় এক জনপ্রতিনিধি পেট্রলভর্তি বোতলের আঘাতে বুকে আহত হয়েছেন। নিরাপত্তাঝুঁকির কারণে একটি স্কুলের প্রধান শিক্ষক বুলেটপ্রুফ জ্যাকেট কিনেছেন বলেও জানিয়েছেন শিক্ষা খাতের এক ইউনিয়ন নেতা।

সরকার ও শিক্ষক সংগঠনগুলোর দাবি, স্কুলের ভেতরে ও বাইরে যারা সহিংসতায় জড়াচ্ছে, তারা শান্তিপূর্ণভাবে শিক্ষার অধিকারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের অংশ নয়।

তবে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা সামাল দিতে না পেরে শুক্রবার বিক্ষোভ করেছেন স্কুলের প্রধান শিক্ষকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাওয়ার কথা জানিয়েছেন তারা। ইতোমধ্যে অন্তত ৫০ জন প্রধান শিক্ষক পদত্যাগের আবেদন করেছেন। আন্দোলন শুরুর পর থেকে ৩৬০ জনের বেশি শিক্ষার্থী এবং ২৪৫ জন শিক্ষক ও কর্মচারী আহত হয়েছেন।

দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা। দেশটির গুরুত্বপূর্ণ ব্যাকালোরিয়া পরীক্ষায় অংশ নিতে যাওয়া হাজারো শিক্ষার্থী নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। রাজধানী প্যারিস অঞ্চল ছাড়াও তুলুজসহ বিভিন্ন শহরে পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে।

অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ থাকলেও নিয়মিত পাঠদানের ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না। অনেক শিক্ষার্থী টানা চার থেকে পাঁচ সপ্তাহ ধরে বাড়িতে অবস্থান করছে। পরিস্থিতি সামাল দিতে কিছু অভিভাবক নিজেরাই ভোরে স্কুলের সামনে অবস্থান নিয়ে অবরোধ ঠেকানোর চেষ্টা করছেন। এতে নতুন করে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়েছে।

শিক্ষকদের মতে, দীর্ঘদিনের এই অস্থিরতা শিক্ষাব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি করেছে। সহিংসতা বন্ধ করে কীভাবে স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফেরা যায়, এখন সেটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ট্যুর শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস ও ভূগোলের এক শিক্ষক জানান, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আতশবাজি নিক্ষেপ, শিক্ষক-কর্মীদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানসিক চাপের কারণে তার স্কুলের ১০ জন শিক্ষক-কর্মচারী অসুস্থতাজনিত ছুটিতে রয়েছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষক ও উপপ্রধান শিক্ষকও আছেন।

ওই শিক্ষক বলেন, তারা আবার শ্রেণিকক্ষে ফিরে শিক্ষার্থীদের পড়াতে চান। তবে এর জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে খোলামেলা আলোচনা এবং পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা জরুরি।

অন্যদিকে, ক্রেতেই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেছেন। তার মতে, শিক্ষার্থীরা এমন কিছু দাবি তুলেছে, যা শিক্ষকরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। শিক্ষকদের আন্দোলনে সরকার গুরুত্ব না দিলেও শিক্ষার্থীদের বিক্ষোভে কিছুটা অগ্রগতি এসেছে বলে মনে করেন তিনি।