ভারতের মুম্বাই ও আশপাশের এলাকায় আবারও বেড়েছে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম। প্রতি কেজিতে ১ দশমিক ৫০ রুপি বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ দশমিক ৫০ রুপি। এতে অটোরিকশা, ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ির মালিকদের জ্বালানি খরচ আরও বাড়বে।

শনিবার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান মহানগর গ্যাস লিমিটেড (এমজিএল) নতুন দাম ঘোষণা করে। ঘোষিত মূল্য কার্যকর হয়েছে ১৫ নভেম্বর থেকে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ে প্রতি কেজি সিএনজির দাম ছিল ৮০ দশমিক ৫০ রুপি। সর্বশেষ মূল্যবৃদ্ধির ফলে ১১ মাসে প্রতি কেজিতে দাম বেড়েছে ১১ রুপি। অর্থাৎ এ সময়ে জ্বালানিটির দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

এ নিয়ে চলতি বছরে মোট আটবার সিএনজির দাম বাড়াল প্রতিষ্ঠানটি। বারবার মূল্যবৃদ্ধির কারণে সবচেয়ে বেশি চাপে পড়ছেন অটোরিকশা ও ট্যাক্সিচালকেরা। পাশাপাশি ব্যক্তিগত গাড়িতে সিএনজি ব্যবহারকারীদেরও মাসিক জ্বালানি ব্যয় বাড়বে।

এমজিএলের দাবি, গ্যাস সংগ্রহের ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করতে হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট, স্থানীয়ভাবে উৎপাদিত গ্যাসের বরাদ্দ কমে যাওয়া এবং ব্যয়বহুল আমদানি করা গ্যাসের ওপর নির্ভরতা বৃদ্ধিকে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সম্পর্ক থাকায় আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনরায় গ্যাসে রূপান্তরের পর সরবরাহের ব্যয়ও বেড়েছে। সিএনজি উৎপাদনে এ ধরনের গ্যাসের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে সিএনজির চাহিদা বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, উৎপাদন ও গ্যাস সংগ্রহের বাড়তি ব্যয়ের একটি অংশ গ্রাহকদের ওপর সমন্বয় করতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে সিএনজির নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

তবে ভবিষ্যতে ব্যয় কমানোর বিভিন্ন উপায় খুঁজে দেখছে এমজিএল। এর মাধ্যমে গ্রাহকদের কিছুটা স্বস্তি দেওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।