যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ইরানের কাছে ঠিক কতসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে, সে বিষয়ে গোয়েন্দাদের হিসাব এখনো অনিশ্চিত। এমনকি এসব তথ্যের নির্ভরযোগ্যতার মাত্রাও তুলনামূলক কম।

কর্মকর্তাদের মতে, যুদ্ধের আগে ইরানের বিভিন্ন স্থানে কত ক্ষেপণাস্ত্র মজুত ছিল এবং বর্তমানে কতগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে, তা নির্ধারণ করা কঠিন। তবে ব্যাপক সামরিক হামলার পরও দেশটির উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অক্ষত রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের আগে সংগ্রহ করা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে নতুন করে ক্ষেপণাস্ত্রের মজুত গড়ে তোলার চেষ্টা করছে ইরান। তবে সংঘাত শুরুর আগের তুলনায় দেশটির অস্ত্র উৎপাদনের গতি কমে গেছে।

ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের হাতে বিপুলসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালানোর সক্ষমতা বজায় রেখেছে দেশটি।

ইসরাইলের সামরিক কর্মকর্তাদের মূল্যায়নও প্রায় একই রকম। তাদের ধারণা, ইরানের হাতে এখনো দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

এই গোয়েন্দা মূল্যায়ন ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়ে মার্কিন প্রশাসনের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরানি বাহিনী এখনো যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার কেন্দ্র এবং আগাম সতর্কতাব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সামরিক সরঞ্জাম ও স্থাপনা ইসরাইলে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের মতে, সেখানে এসব সরঞ্জাম তুলনামূলক নিরাপদ থাকবে।

এ ছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহ ও লক্ষ্যবস্তু নির্ধারণের পদ্ধতিতে উন্নতি এনেছে ইরান। রাশিয়াসহ কয়েকটি সহযোগী দেশের সহায়তা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সমন্বয় বাড়িয়ে আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও জোরদার করেছে দেশটি।

বর্তমানে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের বিমান হামলার অনুমোদন না দিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের মিত্র দেশগুলোও নতুন করে সামরিক অভিযান শুরু না করার আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, হামলা হলে পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে।

এদিকে যুদ্ধবিরতির সময় ইরানের একজন জ্যেষ্ঠ কট্টরপন্থী নেতার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের চেষ্টা হয়েছিল। তবে পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট সেই প্রচেষ্টা বন্ধ করে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে মার্কিন প্রশাসনের দাবি, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান দেশটির সামরিক বাহিনীকে ব্যাপকভাবে দুর্বল করেছে। পাশাপাশি অব্যাহত অর্থনৈতিক চাপেও দেশটির শাসনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। তবে ব্যাপক হামলার পরও ইরান সামরিক সক্ষমতা পুনরুদ্ধার এবং নতুন করে অস্ত্র মজুতের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছেন ইসরাইলের এক সামরিক কর্মকর্তা।