দুই মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম গ্যালনপ্রতি ৬ ডলারের নিচে নেমেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া, ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং মৌসুমি চাহিদা হ্রাসের কারণে জ্বালানিটির দাম কমেছে।
শনিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের খুচরা বিক্রির জাতীয় গড় দাম কমে গ্যালনপ্রতি ৫ দশমিক ৯৯৮ ডলারে দাঁড়িয়েছে।
জ্বালানির দাম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডির তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর ডিজেলের দাম সর্বোচ্চ ৬ দশমিক ৫১৯ ডলারে উঠেছিল। সে সময় ক্যালিফোর্নিয়ার কোনো কোনো এলাকায় প্রতি গ্যালন ডিজেলের দাম ১০ ডলার ছাড়িয়ে যায়।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটে। পাশাপাশি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ধারাবাহিক হামলার প্রভাবেও ডিজেলের দাম বেড়ে যায়। এতে পরিবহণ ও পণ্য সরবরাহের ব্যয় বৃদ্ধির পাশাপাশি কৃষি ও ব্যবসায়িক খাতেও চাপ তৈরি হয়। জ্বালানির বাড়তি খরচের প্রভাব পড়ে সাধারণ পরিবারের ওপর, যা দেশটিতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দেয়।
জ্বালানির উচ্চমূল্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। মধ্যবর্তী নির্বাচনের আগে এ নিয়ে ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের পরাজিত করে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা।
কেন কমছে ডিজেলের দাম?
আন্তর্জাতিক বাজারে গত দুই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৮ দশমিক ৫ শতাংশ কমেছে। পাশাপাশি শরৎকালে সাধারণত জ্বালানির চাহিদা কমে আসে। ভ্রমণ ও যানবাহনের ব্যবহার হ্রাস পাওয়ায় ডিজেলের বাজারেও চাপ কমেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের তেল শোধনাগারগুলোতে হারিকেনের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা কমেছে। নভেম্বর নাগাদ শোধনাগারগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ায় উৎপাদনও আবার বাড়তে শুরু করেছে।
এর আগে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন রঙিন ডিজেলের ওপর সাময়িকভাবে কেন্দ্রীয় কর প্রত্যাহার, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং কৃষকদের জন্য ৮০০ কোটি ডলারের সহায়তা কর্মসূচি ঘোষণা করেছিল। তবে এসব উদ্যোগের পরও জ্বালানির দামে উল্লেখযোগ্য স্বস্তি আসেনি।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা এবং মৌসুমি চাহিদা হ্রাস পাওয়ায় যুক্তরাষ্ট্রে ডিজেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।









