শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সীমান্ত কিশোরগঞ্জের বাসিন্দা।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, শুক্রবার সন্ধ্যায় ৯ বন্ধু মিলে সমুদ্রসৈকতে গোসলে নামেন। এ সময় তারা সমুদ্রে ফুটবল নিয়ে খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি সাগরে ভেসে গেলে সেটি আনতে তিনজন সাগরের দিকে এগিয়ে যান। পরে স্রোতের টানে তিনজনই ভেসে যান।
খবর পেয়ে বিচকর্মী ও সি-সেইফ লাইফগার্ড কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে মোফাজ্জল ইমাম সীমান্ত নিখোঁজ ছিলেন।
প্রায় আড়াই ঘণ্টা পর সুগন্ধা পয়েন্টের দক্ষিণ পাশ থেকে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও বিচকর্মীরা সীমান্তের মরদেহ উদ্ধার করেন।
উদ্ধার হওয়া অপর দুই পর্যটক অসুস্থ হয়ে পড়লে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সমুদ্রে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










