জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। রোহিঙ্গা সংকটও আলোচনায় অগ্রাধিকার পাবে।

citytouch 728-X-90

তিনি জানান, দুই পক্ষের সুবিধাজনক সময় ও সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। এ ছাড়া সফরে একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি রয়েছে।

এর আগে, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম তাদের স্বাগত জানান।