অল্পবয়সী মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দিয়ে তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের সুরক্ষা ও সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন। অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা আপনাদের অল্পবয়সী মেয়েদের হাতে স্মার্টফোন কিনে দিয়ে তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন।’ কিশোরীদের স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে পরিচালিত ‘পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’ (ইরেসপো)-এর আওতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে কিশোরী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। কর্মশালায় কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সচেতনতা ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কিশোরীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার ও সমাজের দায়িত্বের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও কিশোরীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন।