বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় নির্বাহের জন্য ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকার বিশেষ আর্থিক মঞ্জুরি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা এক সরকারি আদেশে এই অর্থ বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, বরাদ্দের এই অর্থ সারাদেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে ছাড় করা হবে। আদেশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন অনুদান হিসেবে বরাদ্দ করা ১৮ কোটি টাকা থেকে এই অর্থ ব্যয় করা হবে। শর্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, সমাহিত ও পরিবহন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে এ অর্থ ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে; কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে। আগামী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।