কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ফু-ওয়াং ক্লাবে যৌথ অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি দল। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ক্লাবটিতে এ অভিযান শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে দক্ষিণ গুলশানে শেখ নূর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউসে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবি-১। এনবিআরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির দুটি ওয়্যারহাউস অনুমোদিত থাকলেও চারটি স্থানে পণ্য সংরক্ষণের তথ্য পাওয়া যায়। পরে চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়।

কর্তৃপক্ষের দাবি, অভিযানে প্রতিষ্ঠানটির রেজিস্টার, এনবিআর অনুমোদিত সফটওয়্যার ও গুদামে থাকা পণ্যের মজুত মিলিয়ে দেখা হয়। প্রাথমিকভাবে কিছু অসংগতি পাওয়ায় অধিকতর যাচাই ও তদন্তের জন্য ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে।ফু-ওয়াং ক্লাবকে ঘিরে এর আগেও অভিযান হয়েছে।

citytouch 728-X-90

২০১৯ সালে পুলিশ ও র‌্যাবের অভিযানে ক্লাবটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ১০ হাজারের বেশি বিয়ার ক্যান উদ্ধারের কথা জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। ওই সময় ক্লাবটি সিলগালা করা হয়েছিল।

এদিকে ফু-ওয়াং কর্তৃপক্ষ এক প্রতিবাদলিপিতে দাবি করেছে, সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নূর ইসলামের মেয়ে দিশা ইসলামের বিয়ে পরিবার মেনে নেয়নি এবং বিয়ের পর থেকেই তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন। ফলে সাম্প্রতিক অভিযানগুলোর সঙ্গে সালমানের পারিবারিক সম্পর্কের কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে তাদের বক্তব্যে ভিন্ন অবস্থান উঠে এসেছে।