শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। কৃষিতে প্রযুক্তি, সেচ, অর্থায়ন ও কৃষিপণ্যের বাজারসংযোগ আরও সহজলভ্য করার পাশাপাশি মৎস্য, প্রাণিসম্পদ ও গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা বাড়ানোর কথা জানান তিনি। খাদ্য নিরাপত্তার পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাতকরণ ও কৃষিপণ্য রপ্তানিকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন।

উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা হচ্ছে। মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখার পাশাপাশি সবার জন্য আইনের শাসন সমানভাবে প্রযোজ্য হওয়ার কথা বলেন তিনি।

citytouch 728-X-90

সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে তিনি ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’ ও ‘হেলথ কার্ড’-এর মাধ্যমে সেবা ও সহায়তা আরও সহজ ও স্বচ্ছ করার কথা জানান। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তিগত রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন।

বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার কথা জানিয়ে তারেক রহমান বলেন, নীতিগত নিশ্চয়তা ও দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতা বিনিয়োগকারীদের আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ। উৎপাদন, সেবা ও রপ্তানি খাতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যও তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখনো প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই বাংলাদেশের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সমর্থন ও অর্থায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বঙ্গোপসাগরকে আঞ্চলিক সহযোগিতা ও যৌথ সমৃদ্ধির ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু ও সমুদ্র অর্থনীতিতে দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ ৩ থেকে ৫ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। সিজিএস আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘Fragments, Frontiers, Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’।