ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ড আর থাকল না। দক্ষিণ আফ্রিকার তরুণ ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়েছেন। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। Rajasthan Royals
ব্লুমফন্টেইনে ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ২০ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করার পর ৪০ বলেই পৌঁছে যান শতকে। এরপর ৫৮ বলে স্পর্শ করেন ১৫০ রানের মাইলফলক। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা।
প্রিটোরিয়াসের ১৮৮ রানের ইনিংসটি গেইলের ১৩ বছর ধরে অক্ষুণ্ন থাকা রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। এতদিন সেটিই ছিল পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
ডাবল সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সেটি করতে পারেননি প্রিটোরিয়াস। ২০ ওভারের ইনিংস শেষ হওয়ায় আর মাত্র ১২ রান দূরে থেকে থামতে হয় তাকে। এটি টি-টোয়েন্টিতে তার তৃতীয় শতক।
প্রিটোরিয়াসের ঝড়ো ব্যাটিংয়ে টাইটানস ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান করে। পরে নাইটসকে ১৪৩ রানে অলআউট করে টাইটানস জয় পায় ১২৪ রানে। দলটির ২৬৭ রান সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ; সর্বোচ্চ ২৭১ রানও টাইটানস করেছিল ২০২২ সালে একই নাইটসের বিপক্ষে।
২০২৬-২৭ মৌসুমে এটিই ছিল প্রিটোরিয়াসের প্রথম ম্যাচ। এর আগে সেপ্টেম্বরের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৪ এবং নামিবিয়ার বিপক্ষে ১০১ রান করেছিলেন তিনি।










