সাভারের আশুলিয়ায় গার্মেন্টস কর্মজীবী নারী হোস্টেলের জন্য বরাদ্দ সরকারি জমি দখল করে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দল’-এর সাইনবোর্ড লাগানোর অভিযোগ উঠেছে। খেজুরবাগান এলাকায় সেলিম মোল্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জমি দখলের অভিযোগ করেছেন হোস্টেল কর্তৃপক্ষ।
অভিযোগ রয়েছে, হোস্টেলের জন্য বরাদ্দ সরকারি জমিতে দোকানপাট ও পরিবহণ পার্কিং গড়ে তোলা হয়েছে। দোকান বসিয়ে মাসে ৩ হাজার টাকা এবং পার্কিংয়ে রাখা প্রতিটি পরিবহণ থেকে দৈনিক ২০০ থেকে ৫০০ টাকা আদায়েরও অভিযোগ রয়েছে। সেলিম মোল্লা নিজেকে জাতীয়তাবাদী মোটরচালক দলের আশুলিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক দাবি করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সরকারি রেজিস্ট্রি ও খতিয়ান বইয়ের তথ্য অনুযায়ী, আশুলিয়ার বড় আশুলিয়া মৌজায় ২০২৫-৬০০০২২ নম্বর খতিয়ানের অধীন ৭০৮১, ৭৩০৭ ও ৭৩০৮ দাগের জমি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নামে নিবন্ধিত। হোস্টেল কর্তৃপক্ষের ভাষ্য, কর্মজীবী নারীদের আবাসনের সুবিধার্থে হোস্টেল সম্প্রসারণের জন্য ২০১২ সালে ওই জমির ৫৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়।
হোস্টেল কর্তৃপক্ষের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেলিম মোল্লা ও তাঁর সহযোগীরা জমিটি দখলের প্রক্রিয়া শুরু করেন। পরে সেখানে দোকানপাট ও পরিবহণ পার্কিং গড়ে তোলা হয়।
এদিকে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, সাভারে জাতীয়তাবাদী মোটরচালক দলের ওই ধরনের কোনো বৈধ কমিটি নেই। ফলে সরকারি জমি দখলের অভিযোগের পাশাপাশি রাজনৈতিক সংগঠনের নাম ব্যবহারের বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছে।
অভিযোগের বিষয়ে সেলিম মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এর চূড়ান্ত নিষ্পত্তি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।










