বাজারে মাল্টার অস্বাভাবিক দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলের সরবরাহ ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় বাণিজ্যমন্ত্রী জানতে চান, আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য ব্যয় বিবেচনার পরও খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম ৫২০ টাকা পর্যন্ত কীভাবে পৌঁছাচ্ছে। অস্বাভাবিক দামে মাল্টা বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

ব্যবসায়ীরা জানান, বর্তমানে মাল্টার দাম বাড়ার অন্যতম কারণ সরবরাহ ঘাটতি। তাদের হিসাবে, কোনো কোনো সপ্তাহে দেশে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার মাল্টা এসেছে। অথচ স্বাভাবিক চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১৫ কনটেইনার মাল্টা প্রয়োজন হয়।

citytouch 728-X-90

আমদানিকারকেরা আরও জানান, উচ্চ শুল্ক, পরিবহন ব্যয় ও বন্দরের বিভিন্ন জটিলতার কারণে অনেক ব্যবসায়ী মাল্টা আমদানি কমিয়ে দিয়েছেন। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দামের ওপর চাপ তৈরি হয়েছে।

ব্যবসায়ীদের বক্তব্য শুনে মাল্টার শুল্কসংক্রান্ত বিষয় পর্যালোচনার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো এবং দ্রুত ঋণপত্র খুলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে সরবরাহ বাড়ানোর তাগিদ দেন তিনি।

আসন্ন চাহিদার কথা বিবেচনায় রেখে খেজুর আমদানির প্রস্তুতি নেওয়ার জন্যও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।