ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকলেও নতুন নিয়মে প্রতিটি কর মেয়াদ শেষে আলাদাভাবে রিটার্ন জমা দিতে হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।

মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মাঠপর্যায়ে রাজস্ব আদায় আরও গতিশীল করার লক্ষ্যেই ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

citytouch 728-X-90

প্রস্তাবিত নিয়মে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্ন জমা দিতে হবে। তবে ১৫তম দিন সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

তবে কিছু প্রতিষ্ঠান রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময় পাবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্নদাতারা কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন।

বর্তমানে তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন দেওয়ার যে ব্যবস্থা রয়েছে, প্রস্তাবিত সংশোধন কার্যকর হলে সেটি আর থাকবে না। ফলে প্রতিটি কর মেয়াদের হিসাব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আলাদা রিটার্ন দিতে হবে।

তবে অধ্যাদেশটি এখনো কার্যকর হয়নি। খসড়াটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে। মন্ত্রিসভা ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে।