লাইসেন্স ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও (বিএফআইইউ) বিষয়টি জানানো হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পাঠানো চিঠিতে এসব প্ল্যাটফর্মের ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরের অ্যাপ সরিয়ে নেওয়া এবং কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এসব প্ল্যাটফর্ম শনাক্ত করেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা প্রদান ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এসব প্ল্যাটফর্মে লেনদেন করলে গ্রাহকরা আর্থিক ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন।
যেসব প্ল্যাটফর্মে সতর্কতা
বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা ২২টি প্ল্যাটফর্ম হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতে লাইসেন্সবিহীন এসব প্ল্যাটফর্মে কোনো ধরনের লেনদেন না করতে সর্বসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রাহকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদনহীন পেমেন্ট সেবা ব্যবহারের ক্ষেত্রে আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।










