আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিরিজে জিম্বাবুয়ের অংশগ্রহণ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত সেটি বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২৭ সালের জানুয়ারিতে পাকিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে বাণিজ্যিক কিছু জটিলতার কারণে তাদের অংশগ্রহণ নিয়ে পরিস্থিতি বদলে গেছে। অবশ্য বিকল্প সময়ে সিরিজটি আয়োজনের বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে।

citytouch 728-X-90

জিম্বাবুয়ে না থাকলে ত্রিদেশীয় সিরিজটি পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সীমিত ওভারের সিরিজে রূপ নিতে পারে। একই সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট আয়োজনের পরিকল্পনাও ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তবে সেই ম্যাচটি হওয়ার সম্ভাবনাও এখন অনেকটাই কমে গেছে।

ক্রিকেট আয়ারল্যান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, পিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ড সফরের নতুন অথবা পরিবর্তিত সূচি নিয়ে যৌথভাবে কাজ করছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

ওয়ানডে বিশ্বকাপের বছর হওয়ায় পাকিস্তানও ৫০ ওভারের ক্রিকেটে বেশি ম্যাচ খেলতে আগ্রহী। আগামী মাসে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে তারা। পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের বিষয়েও আলোচনা চলছে। অন্যদিকে আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে পাকিস্তানের।

এদিকে, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। মূল পর্বে উঠতে আগামী ফেব্রুয়ারিতে বাছাইপর্বে খেলবে আয়ারল্যান্ড। তাই পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ বাছাইয়ের আগে আইরিশদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।