লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান শুরুর আগে কথিত এক মাদক ব্যবসায়ীকে অভিযানের আগাম তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল অডিওতে চন্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজান ভূঁইয়ার কণ্ঠ শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সেখানে বিকেল ৫টা থেকে মাদকবিরোধী অভিযান চালানোর কথা আগেই জানানো এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করার ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ছড়িয়ে পড়া আরও কয়েকটি অডিওতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে আর্থিক লেনদেন, প্রভাব খাটিয়ে সুবিধা দেওয়া এবং অভিযানের তথ্য ফাঁসের অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, অভিযান শুরুর আগেই তথ্য পৌঁছে গেলে মাদকবিরোধী অভিযানের কার্যকারিতা ব্যাহত হতে পারে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিজান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ছড়িয়ে পড়া একটি অডিও তাঁর নজরে এসেছে। তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রামগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।










