রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে কার্যালয়ের কলাপসিবল গেটের সামনের কিছু অংশ পুড়ে গেলেও ভেতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছেন। গেটটিতে তালা ঝুলছিল এবং আগুনে এর সামনের অংশ পুড়ে কালো হয়ে গেছে। কার্যালয়টি রাজবাড়ী শহরের আজাদী ময়দানসংলগ্ন এলাকায় অবস্থিত।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অংশ হিসেবে কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তবে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, রাজবাড়ীতে বর্তমানে কোনো রাজনৈতিক সহিংসতা নেই। আগুন দেওয়ার ধরন দেখে তাঁর কাছে ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা বলে মনে হচ্ছে না।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ দিয়ে কলাপসিবল গেটে আগুন দেওয়া হয়েছিল। তবে আগুন ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিভে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।










