অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় করেন তারা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

citytouch 728-X-90

অ্যাটর্নি জেনারেল জানান, বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিষয়ে সহযোগিতা কামনা করেন। এ সময় তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আইনগত সহযোগিতা এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।