বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে এর মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আগামী ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমি বায়ু বিদায় নিলেও বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের কারণে আগামী কয়েক দিনে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে।










