রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন একটি চিহ্নিত মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) এ-সংক্রান্ত দুটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন ইশরাক হোসেন। ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে, এমন দৃশ্য দেখা যায়। এ সময় তাঁর হাতে একটি পিস্তলও দেখা গেছে। তবে ভিডিওতে অস্ত্রটির কিছু অংশ ঝাপসা করে দেখানো হয়েছে।
অভিযান চলাকালে প্রতিমন্ত্রীর হাতে পিস্তল থাকার কারণ কী এবং অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের কাছেও সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানা গেছে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, অভিযান সম্পর্কে আগে থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। পরে খবর পেয়ে আটক ছয়জনকে থানায় নিয়ে আসা হয়। প্রতিমন্ত্রীর হাতে পিস্তল থাকার বিষয়ে জানতে চাইলে তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন বলে জানান। তবে এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
ইশরাক হোসেনের মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখবেন প্রতিমন্ত্রী। মাদক কারবারে যে দলের লোকই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের ঢাকা-৬ আসনে কোনো জায়গা হবে না। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে মাদক কারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যারা বাইরে থেকে এসে এলাকায় মাদক সরবরাহ করে, তাদেরও আটক করা হবে বলে জানান তিনি।
ইশরাক হোসেন আরও বলেন, ঢাকা-৬ আসন থেকেই মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এ অভিযান চালানো হবে। বাংলাদেশে কোথাও মাদক কারবারের সুযোগ দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।









