ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ৬৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৫৭টি হত্যা মামলা। এসব মামলার মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া একই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলোর বড় অংশই হত্যা-সংক্রান্ত। গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পরে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এ আবেদন করে। তবে এখনো তার বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন ছয়টি মামলার মধ্যে দুটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। বাকি চারটি মামলা রয়েছে অভিযোগ গঠনের পর্যায়ে। সব কটি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

আপিলের সুযোগ নেই শেখ হাসিনার

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিন সময় দেওয়া হয়েছিল। তবে ওই সময়ের মধ্যে তিনি আপিল করেননি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ায় তার আর আপিলের সুযোগ নেই।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তিনি দেশে ফিরলে পরোয়ানা কার্যকর করা হবে। পাশাপাশি বিচারাধীন মামলাগুলোতেও তাকে বিচারের মুখোমুখি হতে হবে।